আদ্-দ্বীনের ফাতেমা নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস ও নবীন বরণ উদযাপন

আদ্-দ্বীনের ফাতেমা নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস ও নবীন বরণ উদযাপন

ছবি: প্রতিনিধি

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ফাতেমা নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

মঙ্গলবার সকাল ৯ টায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মগবাজার মোড প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণণে এসে শেষ হয়। এসময় আদ্-দ্বীন হাসপাতালসমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, ফাতেমা নার্সিং কলেজে অধ্যক্ষ খোদেজা খাতুন, উপাধ্যক্ষ কোহিনুর বেগমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বেলা ১১ টায় ফাতেমা নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং এর ১১ তম ব্যাচ এবং ডিপ্লোমা ইন নার্সিং এর ২০ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ফাতেমা নার্সিং কলেজ কর্তৃপক্ষ।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার হোসেন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান, আদ্-দ্বীন নার্সিং এর সহকারি পরিচালক ডা. শায়লা শারমিন শান্তা। ফাতেমা নার্সিং কলেজের অধ্যক্ষ খোদেজা খাতুন, উপাধ্যক্ষ কোহিনুর বেগমসহ নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

নবীন বরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, নার্সিং একটি মহৎ পেশা। তোমরা এই পেশায় এসে নিজেদের একটি মহৎ পেশার সাথে যুক্ত করেছো। নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাঁদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।

ফাতেমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।