কেরানীগঞ্জে ব্যবসায়ীর বাসায় চুরি, স্বর্ণালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট

কেরানীগঞ্জে ব্যবসায়ীর বাসায় চুরি, স্বর্ণালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট

ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসার গেট ও কক্ষের দরজা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১২ মে) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আকবর আলী।

ভুক্তভোগী আকবর আলী জানান, তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় বসবাস করেন।

গত ৯ মে বিকেলে তিনি বাসায় তালা লাগিয়ে কেরানীগঞ্জ মডেল থানার মডেল টাউন এলাকায় বেড়াতে যান। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বাসায় ফিরে এসে দেখেন, মূল গেট ও কক্ষের দরজা ভাঙা। পরে পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরে প্রবেশ করে দেখা যায়, আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

আকবর আলীর দাবি, দুর্বৃত্তরা বাসায় থাকা তিনটি সিসি ক্যামেরা ও ডিভিআর খুলে নিয়ে গেছে। পাশাপাশি আলমারিতে থাকা ব্যবসার নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার এবং বিভিন্ন মূল্যবান আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে । সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, ২০২০ সালেও একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল।

সেসময়ও নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া যায়। তখন থানায় অভিযোগ করা হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার হয়নি বলে দাবি করেন তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আযহারুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।