বরগুনার বেতাগী হাসপাতালের বাথরুমে রোগীর মৃত্যু

বরগুনার বেতাগী হাসপাতালের বাথরুমে রোগীর মৃত্যু

প্রতিকি ছবি

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে গিয়ে মো. তৈয়ব আলী (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপুর গ্রামে।  

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় পেটে ব্যথা নিয়ে ওই রোগী হাসপাতালে ভর্তি হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাথরুমে তিনি বেশকিছু সময় থাকলে অন্য রোগীরা কর্তব্যরত নার্সদের খবর দেন।

পরে রোগীর স্বজনেরা তাকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমন তাকে মৃত বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘এটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির কারণ নেই। হার্ট অ্যাটাক করেই রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, ঘটনার সময় কর্তব্যরত নার্সদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম না প্রকাশের শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, তৈয়ব আলী বেশ কিছু সময় ধরে বাথরুমে ছিলেন। পরে সকাল ৮টার দিকে তিনি ও আরও দুজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে সে সময় তিন-চারজন নার্স দায়িত্বে থাকলেও তারা সেখানে যেতে গড়িমসি করেন বলে অভিযোগ তার।

তবে দায়িত্বরত নার্স রাজশ্রী এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ওখানে যাই এবং তাকে উদ্ধার করার জন্য লোকজন নিয়ে আসি।