র্যাংকিংয়ে বড় লাফ শান্ত-নাহিদের
ছবি: সংগৃহীত
মিরপুর টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। আর বোলিংয়ে আগুন ঝরিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ফলাফল দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়। এবার বাংলাদেশকে জেতানোর পাশাপাশি সুখবরও পেলেন শান্ত-নাহিদরা। র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন দুজনই।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার। এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন দলনেতা নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি পূরণের পর থামেন ১০১ রানে। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে ছিলেন শান্ত। কিন্তু ১৩ রানের জন্য মিস হয় সেঞ্চুরিটি। থামেন ৮৭ রানে।
দুই ইনিংসে ১৮৮ রান করে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ২৪ নম্বরে। টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে তার আগে নেই বাংলাদেশের কেউই।
ব্যাটারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হকও। দুই ইনিংসেই ফিফটির দেখা পাওয়া এই ব্যাটার এগিয়েছেন ১২ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩৫ নম্বরে। এছাড়া দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম। আর মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ ও মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন।
এদিকে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা রেখেছিল চতুর্থ ইনিংসে নাহিদ রানার নেওয়া ফাইফার। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট বোলিং র্যাংকিংয়ে এই তরুণ পেসার ৫ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে। আর তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। তবে র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের।