মেয়াদোত্তীর্ণ ঋণের ‘দণ্ড সুদ’ কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ

মেয়াদোত্তীর্ণ ঋণের ‘দণ্ড সুদ’ কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ

ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণের কিস্তি সময়মতো পরিশোধ না হলে সর্বোচ্চ ০.৫ শতাংশ দণ্ড সুদ আদায় করতে পারবে ব্যাংকগুলো, যা আগে ১.৫ শতাংশ ছিল। 

দেশে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই দণ্ড সুদের হার কমানো হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই দণ্ড সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা সার্কুলারের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর সর্বোচ্চ ১.৫ শতাংশ দণ্ড সুদ নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে ওই সার্কুলারের একটি অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর সর্বোচ্চ ০.৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। আর মেয়াদি ঋণের ক্ষেত্রে শুধু মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এই হার প্রযোজ্য হবে।

সার্কুলারে আরও বলা হয়, পূর্বের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এবং নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।