দাপুটে জয়ে শিরোপার লড়াইয়ে আর্সেনালকে চাপে রাখল ম্যান সিটি
সংগৃহীত ছবি
কোনো ধরনের চাপ ছাড়াই ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পেপ গার্দিওলার দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির ব্যবধান এখন মাত্র দুই পয়েন্টে নেমে এসেছে। ফলে শিরোপার লড়াই গড়াচ্ছে মৌসুমের শেষ সপ্তাহ পর্যন্ত।
ম্যাচের আগে সিটির জন্য সমীকরণ ছিল কঠিন। হেরে গেলে শিরোপা আশা প্রায় শেষ হয়ে যেতে পারত। কারণ আগামী সোমবার বার্নলির বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত করার সুযোগ ছিল আর্সেনালের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই জিইয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবারের এফএ কাপ ফাইনালের কথা মাথায় রেখে একাধিক পরিবর্তন এনে দল সাজান গার্দিওলা। বিশ্রামে রাখা হয় আর্লিং হালান্ড, রায়ান চেরকি ও জেরেমি ডোকুর মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের।
শুরুর দিকে কিছুটা ধীরগতিতে খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। আক্রমণে প্রাণ ফেরান ফিল ফোডেন। তার দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে গোলের সুযোগ পান অ্যান্তেনিও সেমেনো, আর সহজেই বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
কিছুক্ষণ পর আবারও ফোডেনের পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ওমর মারমুশ। ঘুরে দাঁড়িয়ে নেওয়া শটে গোল করে সিটির আধিপত্য আরও স্পষ্ট করেন এই ফরোয়ার্ড।
ক্রিস্টাল প্যালেসও কিছু সুযোগ তৈরি করেছিল। তাদের সেরা সুযোগটি আসে টাইরিক মিচেলের জোরালো শট থেকে। তবে দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।
ম্যাচের শেষ দিকে সাভিনহোর গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে শিরোপা দৌড়ে চাপটা এখন আর্সেনালের কাঁধেই।