গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

প্রতিকি ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীর পথরোধ করে টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির (২৭) ও একই এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে সোহাগ সরকার (২৩)।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

এর আগে গত ১২ মে রাতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পরদিন ১৩ মে মামলা হলে এদিন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রামের বাসিন্দা রিপা খাতুন (২৪) গত ১২ মে দিবাগত রাত ১০টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের ডাকবাংলা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা হুমায়ুন কবির ও সোহাগ সরকারসহ কয়েকজন তার পথরোধ করে।

এসময় রিপা খাতুনের কাছে থাকা প্রায় ২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রাণভয়ে ভুক্তভোগী রিপা খাতুন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরদিন ১৩ মে রিপা খাতুন নিজেই বাদী হয়ে সাঘাটা থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।