শৈলকুপায় ইয়াবাসহ যুবদল নেতা ও সহযোগী আটক

শৈলকুপায় ইয়াবাসহ যুবদল নেতা ও সহযোগী আটক

প্রতিকি ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পৌর যুবদলের এক নেতা ও তার সহযোগীকে আটক করা হয়েছে।  

বুধবার (১৩ মে) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে মোট ২১ পিস ইয়াবা ও ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন শৈলকুপা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং তার সহযোগী বাবলু মণ্ডল।

ইমরান হোসেন উপজেলার আউশিয়া গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে এবং বাবলু মণ্ডল খালকুলা গ্রামের তক্কেল মণ্ডলের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইমরান হোসেনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ১৬ হাজার টাকা এবং বাবলু মণ্ডলের কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ৬০০ টাকা উদ্ধার করা হয়।

তবে আটক ইমরান হোসেনের পরিবার দাবি করেছে, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

তাদের অভিযোগ, থানায় ডেকে নিয়ে তল্লাশির নামে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তারা।

শৈলকুপা থানার ওসি হুমায়ন কবীর মোল্লা বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।