রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪
প্রতিকি ছবি
রূপগঞ্জে হামের সংক্রমণ উদ্বেগজনক আকার ধারণ করছে। সর্বশেষ ৯ মাস বয়সী ইউসুফ আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত ইউসুফ আলী যুব অধিকার কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং কাঞ্চন এলাকার বাসিন্দা কাউসার আলীর ছেলে।
শিশুটির বাবা কাউসার আলী জানান, গত ৩০ এপ্রিল তার সন্তানকে হামের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এরপর ৯ মে শিশুটি হামে আক্রান্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।
তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে, গত ৯ মে রূপগঞ্জের সদর ইউনিয়নের বৌরারটেক এলাকায় তরিকুর ইসলামের ১০ মাস বয়সী সন্তান রাব্বিও একই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রূপগঞ্জে হামের সংক্রমণ বেড়েছে এবং এখন পর্যন্ত চার শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।