স্বাস্থ্য সুরক্ষায় গুগলের নতুন ফিটনেস ট্রেকার

স্বাস্থ্য সুরক্ষায় গুগলের নতুন ফিটনেস ট্রেকার

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও ফিটনেস দুনিয়ায় বিপ্লব ঘটাতে গুগল ভারতে তাদের নতুন প্ল্যাটফর্ম ‘গুগল হেলথ’ লঞ্চ করার ঘোষণা দিয়েছে। এতদিন ফিটবিট (Fitbit) ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় থাকলেও, এখন থেকে গুগল তার হেলথ ইকোসিস্টেমকে আরও উন্নত ও নির্ভুল করতে এই নতুন পরিষেবাটি নিয়ে আসছে। আগামী ১৯ মে থেকে ভারতের ব্যবহারকারীরা এই প্রিমিয়াম সেবার সুবিধা নিতে পারবেন।

এআই প্রযুক্তির ছোঁয়া ও উন্নত ফিচার
গুগল হেলথের সবচেয়ে বড় আকর্ষণ হলো এতে গুগলের নিজস্ব জেমিনি এআই’র সংযোজন। এটি কেবল আপনার হার্ট রেট, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) বা ক্যালরি খরচ ট্র্যাক করবে না, বরং আপনার লাইফস্টাইল বিশ্লেষণ করে দেবে ব্যক্তিগত পরামর্শ। আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন কি না বা স্বাস্থ্যের উন্নতির জন্য কোন অভ্যাসগুলো পরিবর্তন করা জরুরি—তার সামগ্রিক তথ্য দেবে এই প্ল্যাটফর্ম। এতে থাকছে ‘হেলথ কোচ’, যা আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী ব্যায়াম এবং পুষ্টির টিপস দেবে।

গুগল হেলথ প্রিমিয়াম পরিষেবাটি ব্যবহার করার জন্য একটি মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। ভারতে এর মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৯৯ রুপি এবং বাৎসরিক প্ল্যান নেওয়া যাবে ৯৯৯ রুপিতে। বিশেষজ্ঞরা মনে করছেন, উন্নত এআই সুবিধার কারণে এটি বাজারে থাকা অ্যাপেল হেলথকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে।

গুগল হেলথের পাশাপাশি গুগল বাজারে আনছে ‘ফিটবিট এয়ার’ নামের একটি স্টাইলিশ ফিটনেস ব্যান্ড। স্ক্রিনবিহীন এই ব্যান্ডটির দাম রাখা হয়েছে ভারতে ৯,৪০০ রুপি। যেহেতু এতে কোনো স্ক্রিন নেই, তাই বারবার নোটিফিকেশন আসার ঝামেলা ছাড়াই এটি ঘুমের সময় পরে থাকা যাবে। এটি আপনার ঘুমের মান ও হৃদস্পন্দনের তথ্য নির্ভুলভাবে গুগল হেলথ অ্যাপে সরবরাহ করবে। খুব শিগগিরই এটি ভারতের বাজারে পাওয়া যাবে।