সেরা খেলোয়াড়রা আমাদের রাডারেই থাকে: রিয়াল সভাপতি
ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়নস লিগ কিংবা লা-লিগা, চলতি মৌসুমে কোথাও সুবিধা করতে পারেনি স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। এমতাবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সম্প্রতি স্প্যানিশ এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, এই গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ ভালো কিছু খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।
সভাপতি পেরেজ দলবদলের পরিকল্পনা নিয়ে বলেন, ‘অবশ্যই নতুন খেলোয়াড় আসবে। রিয়াল মাদ্রিদ সবসময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের সই করিয়েছে। আমি জিদান, ফিগো, রোনালদো, বেকহ্যাম থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো, বেনজেমা ও এমবাপ্পেদের সই করিয়েছি। যেকোনো সেরা খেলোয়াড়ই আমার রাডারে থাকে।’
ফেদেরিকো ভালভার্দে ও চুয়ামেনির মধ্যকার ঝগড়াসহ ড্রেসিংরুমের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে পেরেজ কিছুটা হালকা মেজাজে উত্তর দেন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে মাঝেমধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু আমাদের খেলোয়াড়রা দারুণ বন্ধুভাবাপন্ন।’
পেরেজ জাবি আলোনসোর বিদায়ের পর বর্তমানে দায়িত্ব পালন করা আলভারো আরবেলোয়ার ওপর আস্থা রাখার কথা বলেন। যদিও গুঞ্জন রয়েছে যে হোসে মরিনহো আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে পারেন। পেরেজ মরিনহোর প্রশংসা করে বলেন, ‘মরিনহো আমাদের দলের পারফরম্যান্সের মান অনেক বাড়িয়েছিলেন।’ তবে আরবেলোয়ার বিদায় নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলেননি তিনি।
এদিকে ভিনিসিয়াসের চুক্তি নবায়ন নিয়ে তিনি বলেন, ‘চুক্তি নবায়ন নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। ওর এখনও এক মৌসুম বাকি আছে।’
এমবাপের আসার পর ভিনিসিয়াসের সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন থাকলেও পেরেজ সেটিকে নাকচ করে দেন। বরং চলতি মৌসুমে রিয়ালের ট্রফি না পাওয়ার জন্য রেফারিদের ভুল সিদ্ধান্তকে দায়ী করেন তিনি।