অবৈধভাবে মজুত করা দুই অয়েল ট্যাঙ্কার জ্বালানি তেল জব্দ

অবৈধভাবে মজুত করা দুই অয়েল ট্যাঙ্কার জ্বালানি তেল জব্দ

ফাইল ছবি

 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল বিক্রির সময় দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা দুটি ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ডিজেল ছিল। এ ঘটনায় ৯ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্টের একটি টিম পতেঙ্গায় অভিযান চালায়। অভিযানে ‘ও টি কুরবান আলী শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কার থেকে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। এছাড়া ‘ও টি সি স্টার’ নামের আরেকটি ট্যাঙ্কার বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় প্রায় ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত ৯ জন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। জব্দ করা ডিজেল, অয়েল ট্যাঙ্কার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অবৈধ তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।