দুই পুলিশ সদস্যকে পিটিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হাতকড়াসহ এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন—হাতীবান্ধা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে সংঘবদ্ধ একদল মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের পিটিয়ে হাতকড়াসহ ওই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়।
পুনরায় গ্রেপ্তারের স্বার্থে পলাতক আসামির নাম-ঠিকানা গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।