জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দৌড়ে ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দৌড়ে ড. খলিলুর রহমান

ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে দেওয়া বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, তিনি নির্বাচিত হলে ‘সবার জন্য একজন পূর্ণকালীন প্রেসিডেন্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘নির্বাচিত হলে আমি সবার প্রেসিডেন্ট হবো, পূর্ণকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ করব।’

স্থানীয় সময় বুধবার জাতিসংঘ ওয়েবটিভিতে সরাসরি সম্প্রচারিত এক অনানুষ্ঠানিক ইন্টারঅ্যাকটিভ সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সংলাপ আয়োজন করেন ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট আনালেনা বেয়ারবক, যেখানে ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা অংশ নেন।

ড. খলিলুর রহমান বলেন, দায়িত্ব পেলে তিনি জাতিসংঘ সনদের প্রতি অবিচল আস্থা বজায় রাখবেন এবং সব সদস্য রাষ্ট্রের সঙ্গে সমানভাবে কাজ করবেন। বিশেষ করে ছোট প্রতিনিধিদলগুলোর প্রতি তিনি বিশেষ মনোযোগ দেবেন।

তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকেই আমি আপনাদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সক্ষম, আগ্রহী এবং প্রস্তুত।’

তার ভিশন বক্তব্যে তিনি মানবাধিকার, মানবিক সহায়তা সহজ ও বাধাহীন প্রবেশাধিকার এবং শরণার্থী ও অভিবাসী শ্রমিকদের সংকটকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

রোহিঙ্গা ইস্যু তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তা প্রদান করছে। তার মতে, এই অভিজ্ঞতা আন্তর্জাতিক সংহতি ও দায়িত্ব ভাগাভাগির প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।

ড. খলিলুর রহমান বলেন, নির্বাচিত হলে তিনি আস্থা পুনর্গঠন, ঐকমত্য গঠন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি করতে কাজ করবেন।

তিনি আরও বলেন, ‘আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করা যায় এবং তা শান্তি, মর্যাদা ও সমৃদ্ধির জন্য বাস্তব ফল দিতে পারে।’

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন হবে আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে। আঞ্চলিক রোটেশন অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত হবেন।

ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহারের পর এ দৌড়ে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে সাইপ্রাসের সঙ্গে।