ভাঙ্গায় গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ভাঙ্গায় গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা মেরামতে নেমে গাড়ির চাপায় প্রাণ গেল বাবা-ছেলের। শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক ইয়াকুব আলী (২৬) ও তার বাবা ইউসুফ আলীর (৫০)। তাদের বাড়ি যশোরের রুপদিয়া এলাকায়।

পুলিশ জানায়, ভোরে এক্সপ্রেসওয়েতে মালভর্তি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। পরে সেটি সারাতে চালক ও হেলপার নিচে নামেন।

এক পর্যায়ে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, মরদেহ শিবচর হাইওয়ে থানায় রয়েছে।

স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।