সরকারকে জামায়াত আমিরের সাধুবাদ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
ফাইল ছবি
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকারকে সাধুবাদ জানাই তারা পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছে, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো না হয়। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ’
শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রথম সরকার মাত্র ১৫ দিনের জন্য ফারাক্কাবাদ চালানোর সুযোগ দিয়েছিল, কিন্তু ৫৫ বছরেও সেই ১৫ দিন শেষ হয়নি।
ইতোমধ্যে পদ্মা শুকনো মৌসুমে মরুভূমি আর বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই দেশ ২০ কোটি মানুষের। আমাদের সবাই একজন সাচ্চা পাহারাদার হয়ে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।
কেউ আমার এই অধিকার দয়া করে, আমার পকেটে এনে দেবে না, লড়াই করে অধিকার আদায় করব, ইনশাআল্লাহ। ’
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই কারো রক্ত চক্ষুর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে, এটা আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে ১৫৪টি অভিন্ন নদী মৃতপ্রায় হয়ে গেছে।
নদী যদি ঠিক মতো না চলে তাহলে খালের পানি আসবে কোত্থেকে?’
তিনি বলেন, ‘প্রতিবেশী দেশকে আমরা সম্মান করি। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আপনারাও শান্তিতে থাকুন। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। যারাই জন্মগ্রহণ করবে তারা সমান মর্যাদার ভিত্তিতে নাগরিক অধিকার ভোগ করবে।
এটাই বাংলাদেশের ঐতিহ্য। ’
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এ বিভাগীয় সমাবেশ আয়োজন করে ‘১১ দলীয় ঐক্য’। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।