১৫ মিনিটেই ফাইনাল নিশ্চিত, গোল্ডেন মাস্টার্সের দুয়ারে সিনার
সংগৃহীত ছবি
বৃষ্টির কারণে স্থগিত হওয়া ম্যাচের বাকি অংশ খেলতে নেমে মাত্র ১৫ মিনিটেই কাজ শেষ করলেন ইয়ানিক সিনার। দানিল মেদভেদেভকে হারিয়ে প্রথমবারের মতো ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর এই ইতালিয়ান তারকা। আর শিরোপা জিততে পারলেই টেনিস ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন মাস্টার্স’ জয়ের কীর্তি গড়বেন তিনি।
সিনার ও মেদভেদেভের সেমিফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল শুক্রবার। তবে ফল নির্ধারণী তৃতীয় সেটে সিনার ৪-২ গেমে এগিয়ে থাকার সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শনিবার ম্যাচ পুনরায় শুরু হলে খুব বেশি সময় নেননি তিনি। মাত্র ১৫ মিনিটের মধ্যেই জয় নিশ্চিত করেন ইতালিয়ান তারকা।
চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার ম্যাচটি জেতেন ৬-২, ৫-৭, ৬-৪ গেমে।
এর আগে কোয়ার্টার ফাইনালে জিতে এটিপি মাস্টার্স-১০০০ টুর্নামেন্টে টানা ৩২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন তিনি। এতে ভেঙে যায় নোভাক জোকোভিচের ৩১ ম্যাচ জয়ের আগের রেকর্ড।
এবার ইতালিয়ান ওপেনের শিরোপা জিততে পারলে জোকোভিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন মাস্টার্স’ পূর্ণ করবেন সিনার। অর্থাৎ এটিপি মাস্টার্স-১০০০ সিরিজের সব ৯টি টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়বেন তিনি। এখন পর্যন্ত আটটি টুর্নামেন্টে শিরোপা জিতেছেন এই ২৪ বছর বয়সী তারকা।
রবিবার ফাইনালে সিনারের প্রতিপক্ষ নরওয়ের কাসপার রুড। সেমিফাইনালে তিনি ২০ নম্বর বাছাই লুসিয়ানো দারদেরিকে ৬-১, ৬-১ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।