বাবার ঋণ পরিশোধে ছেলের ব্যতিক্রমী প্রচারণা

বাবার ঋণ পরিশোধে ছেলের ব্যতিক্রমী প্রচারণা

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাবার ঋণ পরিশোধ করতে এক যুবকের ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে। অসুস্থ বাবার দায় মেটাতে এবং পরিবারের সম্মান রক্ষায় তিনি অটোরিকশাযোগে মাইকিং করে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের কাপড় ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা আবুর হোসেন (৯০) কয়েক মাস ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন। বাবার ঋণ শোধের দায়িত্ব কাঁধে নিয়ে তার ছেলে মারুফ হোসেন (৩৮) এই উদ্যোগ নেন।

শনিবার (১৬ মে) তিনি দিনব্যাপী উলিপুর উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে ঋণ পরিশোধের বিষয়ে প্রচারণা চালান। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বর্তমান সময়ে এমন দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ খুব কমই দেখা যায়। তিনি যুবকের সততা ও সাহসিকতার প্রশংসা করে ধন্যবাদ জানান।

এ বিষয়ে মারুফ হোসেন বলেন, 'আমার বাবা গত ৭ মাস থেকে মৃত্যুশয্যায় অবস্থায় আছেন। বাবা ঋণ করে মারা যাবে, এটা আমি চাইনা। আমি মনে করি প্রত্যেক ছেলে মেয়ের উচিত পিতা-মাতা বেঁচে থাকতে তাদের ঋণ পরিশোধ করা।'