জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন কনফারেন্সে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সংগৃহীত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক সাভারে অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে 'জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স ২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্ব ও কূটনীতিতে দক্ষ করে তোলার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি ঘোষণা করে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের যুব সমাজকে উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল-সবুজের পতাকাকে ধারণ করে বাংলাদেশ আজ যে সমৃদ্ধির স্বপ্ন দেখছে, তরুণরাই সেই স্বপ্ন বাস্তবায়নের মূল ধারক। তরুণদের স্বপ্ন ও আজকের এই প্রাতিষ্ঠানিক আলোচনা যুব সমাজকে নিজেদের জীবন সুগঠিত করার পাশাপাশি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী এই সম্মেলনের মূল উদ্দেশ্যের ওপর আলোকপাত করে বলেন, আন্তর্জাতিক অঙ্গন, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনে বাংলাদেশ কীভাবে আরও কার্যকরভাবে নিজেদের মেধা ও অবস্থান তুলে ধরতে পারে, তা শেখার অন্যতম মাধ্যম এই মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স। এর মাধ্যমে যুব সমাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের হয়ে উন্নত যোগাযোগ স্থাপনে সক্ষম হবে।
দেশের যুব ও যুব নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে মোঃ আমিনুল হক জানান, দেশের তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন সময়োপযোগী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই সব প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে দেশে ও বিদেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সূত্র: তথ্য অধিদপ্তরের তথ্যবিবরণী