মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি।
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে আকবর মন্ডল (৫৫) নামের এক কৃষক কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৮ মে) সকালে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আকবর মন্ডল মাশালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদের সঙ্গে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে আকবর গ্রামের মাঠে পাট নিড়াতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। পরে হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন বলেন, আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে আকবরকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ইনজুরির দাগ ছিল। আমরা আকবর মন্ডলকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে হামলায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।