জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি
প্রতীকী ছবি।
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক যৌথ সভায় এসব কর্মসূচি গৃহীত হয়।
কর্মসূচি অনুযায়ী ৩০ মে ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ১১ টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন।
জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন তারা।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের মধ্যে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
অনুরূপভাবে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা ও মহানগরীসহ সকল ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬ টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ৩১ মে দুপুর ২ টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনার ইনস্টিটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোষ্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ করবেন নেতাকর্মীরা। এছাড়া সংবাদপত্র এবং অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহবায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে বিএনপির এক সংবাদ বিজ্ঞাপনে জানানো হয়েছে এসব তথ্য।