সুন্দরবনে জেলে নিহতের অভিযোগ, বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ

সুন্দরবনে জেলে নিহতের অভিযোগ, বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ

প্রতিকি ছবি

 

সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বন বিভাগের গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা জেলেরা।

নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার আকসেদ গাজীর ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সহযোগী জেলেদের দাবি, তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা কাছে না গেলে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান তার সঙ্গীরা।

ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সুন্দরবনের ভেতরে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বন বিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

শ্যামনগর উপজেলার বদ্বীপ ইউনিয়ন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি খুলনার বিভাগীয় বন কর্মকর্তা, সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বন বিভাগের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় বন বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।