দেশের ৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

দেশের ৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

ফাইল ছবি

তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের সাত জেলার ওপর দিয়ে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে। তবে গরম বাড়তে পারে রাতে।  

সোমবার আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোরের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে বাড়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় আগামীকাল সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তরবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সবচেয়ে বেশি রংপুরে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।