‘বার্সায় যাওয়া ভুল ছিল’, বিদায় বেলায় গ্রিজমান

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, বিদায় বেলায় গ্রিজমান

ছবি: সংগৃহীত

মেত্রোপলিতানো স্টেডিয়াম রোববার যেনো শুধুই আঁতোয়ান গ্রিজমানের জন্য গান গাইছিল। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে শেষবারের মতো ঘরের মাঠে খেলতে নেমে ফরাসি তারকা আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন ফুটবলার নন এই ক্লাবের হৃদয়ের অংশ। জয়ের সহায়তা করার পর সমর্থকদের সামনে দাঁড়িয়ে চোখের জলে ভাসিয়ে দিলেন আবেগঘন বক্তৃতায়।

লা লিগায় জিরোনার বিপক্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে জয়লাভ করে। ম্যাচের একমাত্র গোলটি করেন আদেমোলা লুকমান, আর বলের নিখুঁত জোগান দেন গ্রিজমান নিজেই। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড এভাবেই ঘরের মাঠে নিজের বিদায়ী ম্যাচে স্মরণীয় হয়ে রইলেন।

দুই দফায় মোট দশ বছর অ্যাতলেতিকোর হয়ে খেলার পর আগামী গ্রীষ্মে তিনি যোগ দেবেন মেজর লিগ সকারের দল অরল্যান্ডো সিটিতে। এর মাধ্যমে শেষ হতে চলেছে ক্লাবটির সঙ্গে তাঁর দীর্ঘ ও আবেগপূর্ণ যাত্রা।

ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে কথা বলতে গিয়ে গ্রিজমান প্রথমেই সবাইকে ধন্যবাদ জানান। তারপর আসে সেই কথা, যা তিনি আগেও বলেছেন; ২০১৯ সালে বার্সেলোনায় চলে যাওয়ার সিদ্ধান্তের জন্য আবারও ক্ষমা চাওয়া।

তিনি বলেন, 'প্রথমে, এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ। এটা অসাধারণ। দ্বিতীয়ত, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ… আমি জানি অনেকে আমাকে ক্ষমা করে দিয়েছেন, কেউ কেউ হয়তো এখনো পারেননি। তবুও আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি। তখন আমি খুব তরুণ ছিলাম। এখানকার ভালোবাসার গভীরতা বুঝতে পারিনি। বার্সায় যাওয়া ভুল ছিল। পরে বুঝেছি এবং ফিরে এসে এই ক্লাবের জন্য সবকিছু দিতে চেয়েছি।'

বিদায়ী বক্তব্যে গ্রিজমান বিশেষভাবে কৃতজ্ঞতা জানান কোচ দিয়েগো সিমিওনেকে। তিনি বলেন, 'ডন দিয়েগো পাবলো সিমিওনে, আপনি এই ক্লাবের সবকিছু বদলে দিয়েছেন। আপনার অধীনে আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি এবং নিজেকে বিশ্বের সেরা মনে করেছি। আপনার জন্য লড়াই করাটা ছিল সম্মানের।'

অধিনায়ক কোকেকেও আলাদা সম্মান জানান তিনি। বলেন, 'আমি জানি না আমি কিংবদন্তি কি না, কিন্তু তুমি কোকে, এই ক্লাবের আসল কিংবদন্তি।'

স্ত্রী, বাবা-মা সবাইকে ভুলে যাননি গ্রিজমান। স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'খারাপ দিনগুলোতে পাশে থাকার জন্য এবং হারের পর আমার রাগ সহ্য করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।' বাবা-মাকে স্মরণ করে বলেন, ছোটবেলায় ফ্রান্সের বিভিন্ন জায়গায় তাঁকে খেলতে নিয়ে যাওয়ার কথা।

নিজের আক্ষেপের কথাও লুকাননি তিনি। বলেন, 'আমি দলকে লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারিনি। কিন্তু আপনাদের যে ভালোবাসা পেয়েছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এটা আমি সারাজীবন সঙ্গে করে নিয়ে যাব।'

শেষে অ্যাতলেতিকোর পুরো পরিবার সমর্থক, শিশু, বাবা-মা সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'তাদের শেখান যে অ্যাতলেতিকেই বিশ্বের সেরা।'