খুলনায় অফিসে ঢুকে ঠিকাদারকে গুলি, হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত
খুলনা মহানগরীতে ঠিকাদার সমিতির অফিসে ঢুকে গুলির ঘটনায় শেখ হারুনুর রশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। তিনি খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সহ-সভাপতি।
মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে নগরীর জাতিসংঘ পার্ক সংলগ্ন আলহেরা জামে মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। গুলিটি হারুনুর রশিদের ডান পায়ের রানে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।
পুলিশ জানায়, সমিতির নিয়ন্ত্রণ ও জায়গা দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে গুলির ঘটনা ঘটে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলির ঘটনা ঘটে। কে বা কারা গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম অভিযোগ করেন, প্রতিপক্ষ জোরপূর্বক সমিতির জায়গা দখল করে রেখেছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে তাঁদের পক্ষে রায় আসে। পরে তাঁরা অফিসে গিয়ে দায়িত্ব গ্রহণ করতে চাইলে প্রতিপক্ষ বাধা দেয়।
তিনি আরও দাবি করেন, ‘স্বপন এসে গোলাগুলির হুমকি দেয়। পরে তারা শর্টগান নিয়ে এসে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। আমার ছেলে বাধা দিতে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হারুনুর রশিদের পায়ে লাগে।’
ঘটনার সঙ্গে মানিকতলা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী স্বপন, নিরালার ওয়েজুল ইসলাম, সোনাডাঙ্গার সরদার তকিবুল ইসলাম, হাফিজ ও এরশাদসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।