ওয়ার্কশপস অন রেফারেল সার্ভিস ম্যাকানিজম ডেভলপমেন্ট ফর মাইগ্রান্টস

ওয়ার্কশপস অন রেফারেল সার্ভিস ম্যাকানিজম ডেভলপমেন্ট ফর মাইগ্রান্টস

ছবি: প্রতিনিধি

যশোরে ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও প্রাইভেট সেক্টরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদেশ-ফেরত অভিবাসীদের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে স্কুলগামী শিশুদেরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস’ (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান সমন্বিতভাবে একজন সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সেবা দিতে পারলে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ খুঁজে পাবেন। টেকসই পুনরেকত্রীকরণের জন্য প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার বলেন, দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের যশোর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আল-আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রেফারেল ও ক্যাপাসিটি বিল্ডিং টেকনিক্যাল এক্সপার্ট সাবিনা সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন, পুনরেকত্রীকরণ এবং বিদেশ-ফেরত অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।