জবিতে দিনব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালা
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) যৌথ আয়োজনে দিনব্যাপী ‘চলচ্চিত্র’ শিক্ষার প্রয়োজনীয়তা ও প্রসার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২ নং কক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় ‘বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব’ শীর্ষক আলোচনা করেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। তিনি চলচ্চিত্রের প্রসার ও প্রয়োজনীয়তা এবং এ ফিল্ডের ভূমিকা সম্পর্কে বর্ণনা করেন। কর্মশালা শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন। তিনি বলেন, ‘চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয় গঠনের শক্তিশালী হাতিয়ার। বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রাতিষ্ঠানিক যাত্রা দেরিতে শুরু হলেও বর্তমানে দক্ষ জনবল তৈরির জন্য এর গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’
অধ্যাপক ইমরান হোসেন বলেন, ‘রাজধানী কেন্দ্রিক শিক্ষা ও প্রশিক্ষণের কারণে জেলা ও বিভাগীয় পর্যায়ের অনেক প্রতিভাবান তরুণ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আবারও শক্তিশালী অবস্থানে ফিরে যেতে পারে।’
কর্মশালায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘দেশে চলচ্চিত্র শিক্ষার প্রসার ও শিল্প সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় জরুরি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের চলচ্চিত্র বিভাগ সবচেয়ে কম বাজেট পেলেও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিসিটিআই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
অনুভূতি প্রকাশ করে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে শিক্ষার্থী রুয়াজউদ্দিন বলেন, ‘১১ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় জবির ফিল্ম বিভাগ। আমরা চাই সামনে এই ধরনের অনুষ্ঠান যাতে আরও বেশি হয়। চলচ্চিত্র ভিত্তিক জ্ঞান চর্চা, সৃজনশীলতা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে এই আয়োজন আমাদের মতো শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুযোগ।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থী ইসরাত জাহান মুনিয়া আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এমন সুন্দর ও শিক্ষণীয় কর্মশালা আয়োজন চলচ্চিত্র সমাজে সচেতনতা তৈরিতে অবদান রাখতে পারে। তাই এই বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সৃজনশীলভাবে কাজ করতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।’
সভাপতির বক্তব্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর বলেন, ‘আমাদের ফিল্ম বিভাগের অনেক সংকট রয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিসিটিআই এর প্রতি, তারা আমাদের নিয়ে এমন একটা কর্মশালার আয়োজন করেছে। আশা করছি এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং তাদের কর্মজীবনে কাজে লাগাবেন।’