টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

প্রতিকি ছবি

গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বর্তমান স্বামী সুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী জাকির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

নিহত নাজমিন আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুলখালী গ্রামের নূর ইসলামের মেয়ে। তিনি দুই মাস আগে বর্তমান স্বামী সুজনকে নিয়ে পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার শাহজাহানের বাড়িতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে জাকির হোসেনের সঙ্গে নাজমিনের বিয়ে হয়। পরে এক বছর আগে তাদের বিচ্ছেদ হলে নাজমিন বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে প্রাইভেটকারচালক সুজনের সঙ্গে তার বিয়ে হয়।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাকির হোসেন নাজমিনের বাসায় গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমিনকে উপর্যুপরি আঘাত করেন। এসময় সুজন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই নাজমিন মারা যান এবং গুরুতর আহত হন সুজন।

পরে স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন এবং অভিযুক্ত জাকিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, সুজন ও জাকির আগে বন্ধু ছিলেন। সেই সূত্রে জাকিরের বাসায় সুজনের যাতায়াত ছিল। পরবর্তীতে নাজমিনের সঙ্গে সুজনের সম্পর্ক গড়ে ওঠে। নাজমিনের আগের সংসারে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।