চকরিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

চকরিয়ায় পুকুরে ডুবে মো. সাদিক (৪) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাদিক ওই এলাকার মো. পারভেজের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাদিক বাড়ির আঙিনায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় মো. হুমায়ুন কবির জানান, খেলতে খেলতেই অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায় সাদিক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। তিনি বলেছেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।