ওজন কমাতে নারীরা যে ভুলগুলো করেন

ওজন কমাতে নারীরা যে ভুলগুলো করেন

সংগৃহীত ছবি

নারীরা সাধারণত সুন্দর-আকর্ষণীয় শরীর ধরে রাখতে এবং সুস্থ থাকার উদ্দেশ্যেই ওজন কমানোর চেষ্টা করেন। তবে অনেক সময় কিছু ভুল অভ্যাস তাদের শরীরের মেটাবলিজম ধীর করে দেয়, হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং দীর্ঘমেয়াদে ওজন কমানোকে আরও কঠিন করে তোলে।

তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে কয়েকটি বিষয়ে বিশেষ সতর্ক থাকা জরুরি। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-

খুব কম খাওয়া থেকে বিরত থাকুন

দ্রুত ওজন কমানোর আশায় অনেকেই খাবার খুব কমিয়ে দেন। শুরুতে এতে ওজন কমতে দেখা গেলেও পরে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যেতে পারে। ফলে দুর্বলতা, অতিরিক্ত ক্ষুধা, পেশী ক্ষয় এবং হরমোনের সমস্যা দেখা দিতে পারে। তাই না খেয়ে থাকার বদলে সুষম খাবার খাওয়াই বেশি কার্যকর।

খাবারে প্রোটিনের গুরুত্ব দিন

অনেক নারী কার্বোহাইড্রেট বা চর্বি কমানোর দিকে বেশি মনোযোগ দেন, কিন্তু পর্যাপ্ত প্রোটিন খান না। অথচ প্রোটিন শরীরের পেশী ভালো রাখে, দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে ডিম, মাছ, ডাল, দই, পনির, টোফু বা বাদামের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত।

প্যাকেটজাত খাবারে সতর্ক থাকুন

অনেক খাবারে ‘লো-ফ্যাট’ বা ‘ডায়েট’ লেখা থাকলেও সেগুলো সবসময় স্বাস্থ্যকর নাও হতে পারে। এসব খাবারে অতিরিক্ত চিনি, লবণ, কৃত্রিম উপাদান ও অস্বাস্থ্যকর চর্বি থাকতে পারে। তাই সম্ভব হলে প্রক্রিয়াজাত খাবারের বদলে প্রাকৃতিক ও ঘরে তৈরি খাবার বেছে নেওয়া ভালো।

পর্যাপ্ত ঘুম ও মানসিক স্বস্তি জরুরি

ওজন কমানোর ক্ষেত্রে শুধু খাদ্যাভ্যাস বা ব্যায়ামই নয়, ঘুম ও মানসিক অবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন মানসিক চাপ থাকলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা ক্ষুধা বাড়ায় এবং পেটের মেদ জমাতে সাহায্য করে। তাই পর্যাপ্ত ও শান্ত ঘুম নিশ্চিত করা প্রয়োজন।

দ্রুত ফল পাওয়ার তাড়াহুড়া করবেন না

অনেকেই অল্প সময়ে ওজন কমাতে কঠোর ডায়েট, ডিটক্স বা প্রয়োজনীয় খাবার বাদ দেওয়ার মতো পদ্ধতি অনুসরণ করেন। কিন্তু এসব উপায় সাধারণত দীর্ঘমেয়াদে কার্যকর হয় না এবং শরীরের ক্ষতি করতে পারে। তাই ধীরে ধীরে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে ভালো উপায়।