চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

 

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে সাত বছরের শিশু টিটন দে হত্যা মামলায় সুজন দাশ নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডিত সুজন দাশ (৩৫) রাউজানের কেলারহাট কোয়েপাড়া চৌধুরী বাড়ির মৃত অনিল কুমার দাশের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে আসামি সুজন দাশকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, মামলাটি প্রথমে দণ্ডবিধির ৩০২ ধারায় বিচারাধীন থাকলেও আদালত শেষ পর্যন্ত ঘটনাটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে ৩০৪ ধারায় কারাদণ্ড দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, নিহত টিটন দে নগরের চান্দগাঁও এলাকার সিএন্ডবি-বিএফআইডিসি সড়কের একটি বাসায় মা সুমি দে’র সঙ্গে থাকতো। স্বামী পরিত্যক্তা সুমি একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন আত্মীয় সুজন দাশ ও তার পরিবার।

২০১৫ সালের ১১ জুলাই সুমি কাজে যাওয়ার পর টিটনকে বাসায় নিয়ে যান সুজনের স্ত্রী।

রাতে বাসায় ফিরে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান মা। জিজ্ঞাসা করলে সুজন দাশ শিশুটিকে মারধর করেছেন বলে জানানো হয়। পরদিন ১২ জুলাই দুপুরে টিটনকে গোসল করানো নিয়ে সুজন দাশের সঙ্গে সুমির বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন শিশুটিকে এলোপাতাড়ি মারধর করেন। টিটন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন শিশুর মা সুমি দে। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।