মাদক মামলায় ৬ বছরের সাজা নিয়ে পলাতক আসামি রোমানা গ্রেপ্তার
রোমানা আক্তার
কুমিল্লার দেবীদ্বারে মাদক মামলায় ৬ বছরের সাজা নিয়ে পলাতক আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী রোমানা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) রাত ৯টায় দেবীদ্বার থানার এসআই অজয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার সিদ্ধিরগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
আটক আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী রোমানা আক্তার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের আন্তঃজেলা মাদক স্পটখ্যাত বাগুর গ্রামের মৃত রুবেল সরকারের স্ত্রী।
তিনি ২০১৭ সালে মাদক পাচারকালে দাউদকান্দি থানা পুলিশের হাতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হন। পরে জামিনে এসে আত্মগোপনে চলে যান। পলাতক থাকা অবস্থায় ২০২৪ সালে কুমিল্লার আদালতে তার বিরুদ্ধে ৬ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা হয়।
জরিমানার টাকা অনাদায়ে আরো এক বছরের সাজাপ্রাপ্ত হন। ওই সালেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা দীর্ঘদিন অভিযান চালিয়ে অবশেষে আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী খ্যাত রোমানা আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।