ইসরাইলি পার্লামেন্ট ভেঙে দিতে প্রাথমিক বিল পাস, বিপাকে নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু
চরম রাজনৈতিক সংকটে পড়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার (২০ মে) ইসরাইলি পার্লামেন্ট বিলুপ্তির প্রাথমিক একটি বিল পাস হয়েছে। এর মধ্য দিয়ে ইসরাইলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে।
বৈশ্বিক নিন্দার ঝড়ের মাঝেই ঘরের মাঠে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার কোনো বিরোধিতা ছাড়াই ১১০ জন আইনপ্রণেতার বিপুল সমর্থনে ইসরাইলি পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রাথমিক বিল পাস হয়েছে।
অর্থোডক্স ইহুদি দলগুলো জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ক্ষমতাসীন জোট নিজেই এই বিলটি উত্থাপন করে। তবে প্রাথমিক অনুমোদনের মাধ্যমে ইসরাইলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলেও, এটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার আগে সংসদীয় কমিটিতে পর্যালোচনা এবং নেসেটে আরও তিন দফা ভোটাভুটির প্রয়োজন হবে।
আগামী অক্টোবরের নির্ধারিত নির্বাচনের আগেই সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস মিলছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা, গাজা-লেবানন ও ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি এবং দুর্নীতি মামলার কারণে নেতানিয়াহুর জনপ্রিয়তা আগেই তলানিতে ঠেকেছে।
সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে, নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নতুন রাজনৈতিক জোটের কাছে এই আগাম ভোটে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে নেতানিয়াহুর।