ঝালকাঠিতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ঝালকাঠিতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাত ৪টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের উত্তর বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দার আলী মুন্সির বাড়ির সামনে একটি জমিতে রাখা ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে রাখার পর পাশের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।