নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
প্রতিকি ছবি
নওগাঁর রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে পৃথক স্থানে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১মে) উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এবং বড়গাছা ইউনিয়নের গুয়াতা এলকায় এ ঘটনা ঘটে।
মৃত কৃষকরা হলেন, উপজেলার পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির(৬০), একই গ্রামের আমিনুর ইসলামের ছেলে তারেক মিয়া(২২) এবং গুয়াতা আটনিটা গ্রামের হাসান তালুকদারের ছেলে নয়ন তালুকদার (৩২)।
জানা যায়, সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে ধান কাটতে যান।
এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান। অন্যদিকে গুয়াতা আটনিটা এলাকায় একটি ফসলে মাঠে বজ্রপাতে নয়ন তালুকদারের মৃত্যু হয়। সকালে তার মৃত্যু হলেও স্থানীয়রা এদিন বিকাল তার মৃতদেহ দেখতে পান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকারিয়া মন্ডল বলেন, কৃষকদের মৃত্যুর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।