ঝিনাইদহে ১২ বছরের কিশোরী ফুটবলারকে শ্লীলতাহানির অভিযোগ
প্রতিকি ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরী ফুটবলারের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ক্রীড়া সংগঠকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ফারিয়া উপজেলার ফোলসি গ্রামের জামিরুল ইসলাম (চাতক) এর মেয়ে। সে স্থানীয় প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলা বালিকা ফুটবল দলের সদস্য হিসেবে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতায় অংশ নেয়।
পরিবারের অভিযোগ, হরিণাকুন্ডু ক্রীড়া সংস্থার সভাপতি ও ক্রীড়া সংগঠক বিপ্লব জেলা পর্যায়ের খেলায় অংশ নিতে ঝিনাইদহে যাওয়ার পথে ফারিয়াকে মোটরসাইকেলে একা নিয়ে যান। এসময় তিনি অশালীন আচরণ করেন এবং পরে একটি দোতলা বাসায় নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনার পর থেকে কিশোরীটি মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানায় পরিবার।
ভুক্তভোগী ফারিয়া জানায়, সে খেলাধুলার মাধ্যমে বড় হওয়ার স্বপ্ন দেখত।
কিন্তু ঘটনার পর থেকে সে আতঙ্কে আছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়া কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছিল। তবে অভিযুক্ত ক্রীড়া সংগঠক বিপ্লব সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং কোনো খারাপ আচরণ করেননি।
প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হাসানুজ্জামান বাদল বলেন, ঘটনাটি স্কুলের বাইরে হওয়ায় তিনি কোনো মন্তব্য করতে চান না।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।