আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি

আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। আগামী ২৪ মে (রোববার) থেকে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে।

তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবার (২১ মে) ঈদের আগের শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আজই কার্যত শেষ কর্মদিবস।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ কার্যক্রম পুনরায় শুরু হবে ৭ জুন (রোববার) থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকায় এ তথ্য উল্লেখ রয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের ছুটি আরো দীর্ঘ হচ্ছে। মাদরাসা শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সব মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং পরবর্তীতে ১২ ও ১৩ জুন শুক্র ও শনিবার বন্ধ থাকায় মাদরাসাগুলোতে টানা ছুটির পরিমাণ দাঁড়িয়েছে মোট ২৩ দিন।