নাসিরনগরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পুকুরের পানিতে ডুবে তামিম (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার (২০ মে) বিকেলে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের মসজিদপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ওই এলাকার কুদ্দুস মিয়ার তৃতীয় ছেলে এবং স্থানীয় সোনাতোলা মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে তামিম। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌফিক এলাহী খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তামিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।