থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার, গ্রেফতার ১
প্রতিকি ছবি
বান্দরবানের থানচি উপজেলায় অপহৃত ঠিকাদার মো. আমু হোসেনকে (৫০) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে মাংলে ম্রো নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে থানচির বলিপাড়া জোনে দায়িত্বরত ৩৮ নম্বর বিজিবি ব্যাটালিয়ন।
ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাতে ঠিকাদার মো. আমু হোসেনকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাতস্থানের উদ্দেশ্যে নিয়ে যায় অপহরণকারীরা।
পরে খবরটি জানার পর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২২ মে) ভোরে অভিযানে অপহরণকারী দলের সদস্য মাংলে ম্রো কে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং মুক্তিপণের জন্য দেওয়া নগদ ৩ লাখ টাকা জব্দ করে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে অপহৃত আমু হোসেনকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
মাংলে ম্রোকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।