রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তারাবো উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জের তারাব এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ‘শ্রাবণ ও রুবেল’ গ্রুপের সঙ্গে ‘নাজমুল-নবী’ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জেরে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায়। এ সময় উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়।
রণক্ষেত্রে পরিণত হওয়া এই সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন। সংঘর্ষের সময় শ্রাবণ গ্রুপের রনি নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া উভয় পক্ষের লোকজন নির্বিচারে বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। একই সাথে বাজারের বেশ কয়েকটি দোকানে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
এই তাণ্ডবে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
স্থানীয়রা অভিযোগ করেন, শ্রাবণ ও নবী গ্রুপ সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। এ দুইটি গ্রুপের কিশোরগ্যাংয়ের সদস্যরা বেপরোয়াভাবে সন্ত্রাসী কার্যক্রম চালায়। তারা ছিনতাই, হত্যা, ডাকাতি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই তারা করে না।
তাদের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মাদক কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।