রাঙ্গুনিয়ায় ভবন মালিকের ছেলের আঘাতে বিএনপি নেতা নিহত
প্রতিকি ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারে ভবন মালিকের ছেলের লাথির আঘাতে আবুল কাশেম নামে এক বিএনপি নেতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সি আবুল কাশেম কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার রাতে ভবনের ভাড়া আদায় করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে ভবন মালিক আবদুল আলিমের ছেলে সুমনের লাথিতে প্রাণ হারান আবুল কাসেম।
স্থানীয়রা জানান, ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মালিকের ছেলে সুমন উত্তেজিত হয়ে সজোরে লাথি মারলে কাসেম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।