কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিকি ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ দুই নারী আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে  ঘটনাটি ঘটে।

মহব্বত খাঁ বাহাদুরপুর গ্রামের জমরুত খাঁর ছেলে। তিনি তিন সন্তানের জনক। আহতরা হলেন তার স্ত্রী রুমা বেগম (৩৬) ও একই গ্রামের  মর্জিনা বেগম (৫০)। আহত দুইজনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বজ্রপাতে রুমা বেগমের ডান হাত এবং মর্জিনা বেগমের দুই পা দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে ধানের খলায় মহব্বত খাঁ ও তার স্ত্রী রুমা বেগম কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টির আশঙ্কায় তারা ধান স্তুপ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে মহব্বত খাঁ ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার স্ত্রী রুমা বেগম এবং পাশে থাকা মর্জিনা বেগম নামে আরেক নারীও আহত হন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।