বাগেরহাটে ৫ বছরের শিশুর ‘রহস্যজনক’ মৃত্যু
প্রতিকি ছবি
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানি থেকে আবু তালহা নামে পাঁচ বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পাঁচ বছরের শিশু বালতির পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টিকে ‘রহস্যজনক’ বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় শিশুটির সৎ মায়ের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠায় পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহত শিশু আবু তালহা লকপুর গ্রামের সৈকত ইসলামের ছেলে। তার মায়ের নাম মনিরা বেগম।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহে সৈকত ইসলামের সঙ্গে মনিরার বিবাহ বিচ্ছেদ হয়। পরে তিনি রুকাইয়া সিকদারকে বিয়ে করেন। তালহা বাবা সৈকত ও সৎ মায়ের সঙ্গেই থাকত। শনিবার দুপুরে বাড়ির লোকজন শিশুটিকে একটি বালতিতে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর ঘটনায় সৎ মায়ের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।