কুমিল্লার লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কুমিল্লার লাকসামে মো. আজাদ হোসেন (৩৪) নামক ইয়াবা মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এসআই নেওয়াজের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ ইউনিট অভিযান চালিয়ে উপজেলার মিশ্রী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আজাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলায় সাজা পরোয়ানা রয়েছে। গত ৭ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)১০(ক) ধারার অপরাধে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া, ১০ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালত একই আইনের ৩৬(১) ও ১০(ক) ধারার অপরাধে তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে দুইটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি আজাদকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আজাদের শ্বশুর জাফর চলতি বছরের ১ এপ্রিল ২৫০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।