অবৈধ ধাতব বর্জ্য পোড়ানোর কারখানায় অভিযান, জরিমানা দুই লাখ
সংগৃহীত ছবি
ঢাকার নবাবগঞ্জে ‘গ্রিন সেইফ ব্রিক্স’ নামের একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে ধাতব বর্জ্য পদার্থ পুড়িয়ে পরিবেশ দূষণ করায় ওই কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একইসঙ্গে কারখানায় ব্যবহৃত অবৈধ চুল্লি ও সংশ্লিষ্ট স্থাপনাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
শনিবার (২৩ মে) উপজেলার আগলা ইউনিয়নের গকুলনগর এলাকায় ওই কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
ওই কারখানার মালিকের নাম মো. নুরুল আমিন (৭০)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানাটিতে অবৈধভাবে ধাতব বর্জ্য পোড়ানো হচ্ছিল।
এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে ছিলেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে নবাবগঞ্জ থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।