কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাণীতে মির্জা ফখরুল বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সুরকার, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও সৈনিক হিসেবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে আজীবন উচ্চকণ্ঠ ছিলেন।
তিনি আরও বলেন, নজরুল ইসলামের সাহিত্যকর্ম স্বাধীনতা, মানবতা ও বিপ্লবের চেতনায় সমৃদ্ধ। তার কবিতা ও গান মানুষের হৃদয়ে প্রেরণা জোগায় এবং শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি দেয়। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তিনি নির্যাতন ও কারাবরণের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেও বাণীতে উল্লেখ করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, নজরুলের রচনায় মানুষের ওপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ প্রতিফলিত হয়েছে। তিনি তাকে উপমহাদেশের স্বাধীনতার প্রথম বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন।
বাণীতে আরও বলা হয়, নজরুল ইসলামের বিখ্যাত গান ‘চল্ চল্ চল্’ জাতীয় রণসঙ্গীত হিসেবে গৃহীত হওয়ায় দেশবাসী গর্বিত। তার সাহিত্য ও সঙ্গীত ভবিষ্যতেও নিপীড়ন-নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে অনুপ্রেরণা জোগাবে।
শেষে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন।