সেতু ভেঙে ৬ জনকে নিয়ে নিচে পড়ল ট্রাক্টর
সংগৃহীত
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।
রবিবার (২৪ মে) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি খালি ট্রাক্টরে ছয়জন লোক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এতে ট্রাক্টরটি নিচে পড়ে ছয়জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, “সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তবে স্থানীয় লোকজন আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
স্থানীয় ইউপি সদস্য মো. শামছুল ইসলাম বলেন, “প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেতুটি দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন। সেতুটি ভেঙে পড়ায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।”