ঈদে বেরোবিতে থাকছে বিশেষ আয়োজন
ফাইল ছবি
ঈদুল আজহা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার ও নিরাপত্তাকর্মীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসেই ঈদ উদযাপন করবেন উপাচার্য ড. মো. শওকাত আলী।
শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান।
বিশ্ববিদ্যালয়ের ‘ঈদুল আযহা উদযাপন কমিটির’ সদস্য সচিব ও সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ আল মাহবুব জানান, ঈদের সময় অনেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন কারণে ক্যাম্পাসে অবস্থান করেন। তাদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে দুইটি খাসি কোরবানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঈদের সময় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীর সংখ্যা বাড়লে কোরবানির পশুর সংখ্যাও বৃদ্ধি করা হতে পারে।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ আয়োজনকে ক্যাম্পাসে অবস্থানরতদের জন্য এক ধরনের পারিবারিক পরিবেশ তৈরির প্রচেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।