টেকনাফে ভুয়া সাংবাদিক আটক, ১৬ হাজার ইয়াবা উদ্ধার
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে সাংবাদিক পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার (৫৬)। তিনি মৃত মুহাম্মদ নুরের ছেলে।
সোমবার (২৫ মে) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশির উদ্যোগ নেন।
এসময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ হেনরী তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।
তল্লাশির সময় মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবির সঙ্গে অশোভন আচরণ করেন এবং জোরপূর্বক চেকপোস্ট অতিক্রমের চেষ্টা চালান। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরবর্তীতে তল্লাশিকালে তার কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়।
একই সঙ্গে নারকোটিক্স ডগ হেনরীর সহায়তায় মাইক্রোবাসের পেছনের সিটের কভারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আনোয়ার স্বীকার করেন, তিনি হ্নীলা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি অধিনায়ক আরো জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, আটক ব্যক্তির ব্যবহৃত ভুয়া প্রেস কার্ড তৈরির সঙ্গে জড়িত হিসেবে মো. হোসাইন (৫০) নামে এক ব্যক্তির তথ্য পাওয়া গেছে।
তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে। জানা গেছে, আটক আনোয়ারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং প্রায় দুই মাস আগে মাদক পাচারের সুবিধার্থে তিনি এসব পরিচয়পত্র তৈরি করে দেন।