কেরানীগঞ্জে পশুর হাটে ক্রেতার নজর কাড়ছে হরিয়ানা জাতের গরু

কেরানীগঞ্জে পশুর হাটে ক্রেতার নজর কাড়ছে হরিয়ানা জাতের গরু

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী গবাদি পশুর হাটে এক টনের হরিয়ানা জাতের তিনটি বিশাল আকৃতির সাদা গরু নজর কাড়ছে ক্রেতা ও দর্শনার্থীদের। দূর-দূরান্ত থেকে মানুষ শুধু গরু তিনটি এক নজর দেখতে হাটে ভিড় করছেন।

বড় আকৃতি, দৃষ্টিনন্দন গঠন ও সাদা রঙের কারণে হাটজুড়ে আলোচনায় এসেছে গরুগুলো।

গরুগুলোর মালিক মোশাররফ হোসেন জানান, তার খামারে প্রায় দেড় বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গরুগুলো লালন পালন করা হয়েছে। এ ছাড়াও তার খামারে আরো ৩৫টি বড় ষাঁড় রয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা কৃত্রিম মোটা তাজাকরণ ছাড়াই খড়, ঘাস, কুড়া-ভুসি ও দেশীয় খাবার খাইয়ে গরুগুলো বড় করা হয়েছে।

প্রতিদিন নিয়মিত পরিচর্যা ও যত্ন নেওয়ার কারণে গরুগুলো এখন বিশাল আকৃতি ধারণ করেছে।

তিনি জানান, তিনটি গরুর প্রতিটির ওজন এক টনের বেশি। দাম হাঁকা হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। তবে অনেক ক্রেতা ৬ লাখ থেকে সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত দাম বলছেন।

এ ছাড়া খামারের অন্যান্য ষাঁড়গুলোর ওজনও ৭০০ থেকে ৮০০ কেজির মধ্যে।

হাটে আসা দর্শনার্থীরা বলেন, বর্তমানে দেশে এমন বড় আকৃতির হরিয়ানা জাতের সাদা গরু খুব একটা দেখা যায় না। তাই গরুগুলো দেখতে প্রতিনিয়ত মানুষের ভিড় লেগেই থাকছে। অনেকে গরুর সঙ্গে ছবি তুলছেন, আবার অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসে গরু তিনটি দেখছেন।

রোহিতপুর কাঁচা এলাকা থেকে গরু তিনটি দেখতে আসা শিশু ওমর ফারুক বলে, আমার এলাকার সহপাঠীদের মুখে শুনেছি সোনাকান্দা পশুর হাটে তিনটি বড় সাদা গরু এসেছে, দেখতে খুবই সুন্দর।

 তাদের মুখে শুনে আজ বড় ভাইকে নিয়ে এসেছি গরু তিনটি দেখতে। আসলেই খুব সুন্দর গরু। বাড়িতে গিয়ে বাবাকে বলব আমাদের কোরবানির জন্য এ রকম সুন্দর গরু আনতে।

হাটের ইজারাদার শাহাবুদ্দিন মেম্বার জানান, নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী গবাদিপশুর হাটে এবার দেশীয় খামারিদের আনা বড় বড় গরুর সমাগম ঘটেছে। তবে বিশাল আকৃতির হরিয়ানা জাতের সাদা গরু তিনটি ইতিমধ্যেই হাটের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গরুগুলো খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে।